জেন-জেড ব্যালটে তরুণদের ভোটে বিপুল ব্যবধানে এগিয়ে বিএনপি

সিবি ডেক্স: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণ প্রজন্মের রাজনৈতিক আকাঙ্ক্ষা যাচাইয়ের উদ্দেশ্যে পরিচালিত ‘জেন-জেড ব্যালট’ শীর্ষক একটি স্বতন্ত্র অনলাইন জরিপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। তরুণদের উদ্যোগে পরিচালিত এই জরিপ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
জেনারেশন জেড বা তরুণ ভোটারদের রাজনৈতিক পছন্দের প্রতিফলন ঘটাতে ১ ফেব্রুয়ারি থেকে ১০ দিনব্যাপী এ অনলাইন জরিপ পরিচালিত হয়। এতে সারা দেশের মোট ৪৬ হাজার ৬২৬ জন অংশগ্রহণকারী তাদের মতামত প্রদান করেন।
জরিপের আসনভিত্তিক ফলাফলে দেখা যায়, ৩০০ সংসদীয় আসনের মধ্যে বিএনপি ১৯০টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫১টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা ৬টি আসনে জয় পেতে পারে বলে জরিপে উঠে এসেছে।
এ ছাড়া খেলাফতে মজলিশ ৫টি আসনে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রত্যেকেই ৩টি করে আসনে জয়ের সম্ভাবনা দেখিয়েছে।
জরিপ সংশ্লিষ্টরা জানান, এই ফলাফল মূলত জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে তরুণদের রাজনৈতিক সচেতনতা এবং প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। জরিপে অংশ নেওয়া তরুণ ভোটারদের একটি বড় অংশ বিএনপির নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন বলে ফলাফলে প্রতীয়মান হয়েছে।

Post a Comment

0 Comments