নির্বাচনে প্রস্তুত যশোর ৪৯ বিজিবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অর্পিত দায়িত্ব পালনে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনে সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বৃহস্পতিবার ও শুক্রবার (২৯–৩০ জানুয়ারি) তিনটি জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে মোট ৩০ দশমিক ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার যশোর জেলার চারটি আসনে ১৫ প্লাটুন এবং গোপালগঞ্জ জেলার তিনটি আসনে ৮ দশমিক ৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচনী এলাকায় দায়িত্ব পালনকালে যশোর ব্যাটালিয়নের অধীন গুরুত্বপূর্ণ ৭০টি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও ভোটকেন্দ্র রেকি কার্যক্রম চালানো হচ্ছে।

নির্বাচন চলাকালীন কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা রোধে যশোর ব্যাটালিয়ন সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা এবং নিয়মিত জনসচেতনতামূলক সভার মাধ্যমে স্থানীয় জনগণকে নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ ও সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, যশোর বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে—সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে যশোর ব্যাটালিয়ন তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

Post a Comment

0 Comments