ভোটের মাঠে ধর্মের অপব্যবহারের কঠোর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি দল তাদের মার্কায় ভোট দিলে জান্নাত পাওয়ার যে মিথ্যাচার করছে, তা রীতিমতো ধোঁকাবাজি। তিনি বলেন, “একমাত্র আল্লাহর ফয়সালা ও রাসুল (সা.) এর সুপারিশেই ঈমানদাররা জান্নাতে যাবেন। মার্কায় ভোট দিলে জান্নাত মিলবে—এমন কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।”
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের হিন্দু পাড়ায় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এই প্রার্থী বলেন, “দলের নামের শেষে ইসলাম থাকলেই তো ইসলাম হয়ে যায় না। এমনটা হলে তো যত ‘নুরুল ইসলাম’ আছেন, সবাই ‘ইসলাম’ হয়ে যেতেন। তারা যদি বলত দেশের মানুষের জন্য কী করবে, তাদের পরিকল্পনা বা ইশতেহার কী—মানুষ পছন্দ করলে তাদের ভোট দিত। এটাই রাজনীতি ও গণতন্ত্রের চর্চা। অথচ তারা তা না করে ধর্মের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।”
এর আগে সকালে তিনি উপজেলার উত্তর হারবাং বত্তাতলী স্টেশনে আরেকটি পথসভায় বক্তব্য রাখেন। সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে সব ধর্ম-বর্ণের মানুষ তার নাগরিক ও ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তা সমানভাবে ভোগ করবে—এটাই বিএনপির অঙ্গীকার।
বিএনপির ইশতেহারে সনাতন ধর্মাবলম্বীদের সব দাবি-দাওয়া অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এই দেশে ধর্ম-বর্ণ-জাতের ভিত্তিতে কোনো বিভাজন হবে না। বিএনপির স্লোগান একটাই—সবার আগে বাংলাদেশ।”
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে জামায়াতে ইসলামী উত্তেজনা সৃষ্টি করছে বলে অভিযোগ করে সাবেক এই যোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, “তাদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, তা সরকার, নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। কিন্তু রাজনৈতিকভাবে কেউ মাঠ উত্তপ্ত করতে চাইলে বা গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।”
বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি জানে কীভাবে জনগণের জন্য পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই আমরা এগোচ্ছি।
একই দিন বিকেলে চকরিয়া আইনজীবী সমিতির মতবিনিময় সভা এবং পরে চিরিঙ্গা ইউনিয়নের মাছঘাট স্টেশনে আয়োজিত পথসভায়ও বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ।
এসব পথসভায় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বান্দরবান জেলা বিএনপি নেতা ও আজিজনগরের সাবেক চেয়ারম্যান নাজেমুল ইসলাম চৌধুরীসহ হারবাং, বরইতলী ও চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
0 Comments