ইয়াবা আত্মসাতের অভিযোগে পুলিশের অডিও ফাঁস

কক্সবাজার সদর মডেল থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও দুই কনস্টেবলের বিরুদ্ধে তল্লাশির সময় জব্দ করা বিপুল পরিমাণ ইয়াবা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত পুলিশ সদস্যরা ইয়াবা গুনে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

অভিযুক্তরা হলেন কক্সবাজার সদর মডেল থানার এএসআই গিয়েনময় এবং কনস্টেবল মংলা, শহিদসহ মোট চারজন পুলিশ সদস্য।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন উত্তরন এলাকার প্রধান সড়কে ঘটনাটি ঘটে। ওই সময় ঢাকাইয়া দুইজন ও মামুন নামের এক টমটমচালক সড়ক দিয়ে যাচ্ছিলেন। পুলিশ সদস্যরা তল্লাশির জন্য সামনে দাঁড়ালে পুলিশ দেখে টমটমের পেছন দিক থেকে একটি প্যাকেট ফেলে দেওয়া হয়। পুলিশ সদস্যরা প্যাকেটগুলো কুড়িয়ে নেন।

পরে টমটমটি থামিয়ে চালক ও যাত্রীদের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা হলেও কোনো মামলা বা জব্দ তালিকা না করেই টমটমটি ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

একজন স্থানীয় দোকানদার জানান, পুলিশ সদস্যরা প্যাকেটগুলো কুড়িয়ে নেওয়ার পর টমটমে বসেই প্যাকেট খুলে কিছু একটা গুনছিলেন। এরপর সবাই ঘটনাস্থল ত্যাগ করেন।

এদিকে ফাঁস হওয়া একটি কল রেকর্ডে শোনা যায়, জব্দ করা ইয়াবার পরিমাণ ছিল ৩ হাজার ৯৭৫ পিস। অডিওতে বলা হয়, অভিযানে উপস্থিত ছিলেন এএসআই গিয়েনময়, কনস্টেবল মং ও শহিদ। টমটমে বসেই প্যাকেট খুলে ইয়াবা গুনে চারজন নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করেন বলে অডিওতে অভিযোগ করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত কনস্টেবল মংয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত উত্তরন এলাকায় ছিলাম। তবে এমন কোনো ঘটনা ঘটেনি।’

অভিযুক্ত এএসআই গিয়েনময় বলেন, ‘এরকম কোনো ঘটনা আমার চোখে পড়েনি। কনস্টেবলরা শুধু টর্চলাইট মেরে ১০–১৫ মিনিট তল্লাশি করেছিল। ইয়াবার কোনো বিষয় আমি দেখিনি।’

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমিউদ্দিন বলেন, পুলিশের দায়িত্ব হলো মাদক জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া। তিনি জানান, বর্তমানে তিনি চট্টগ্রামে দুই দিনের প্রশিক্ষণে রয়েছেন এবং ফিরে এসে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) অলক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রকাশ্যে মাদক আত্মসাতের এমন অভিযোগ কক্সবাজারে পুলিশের ভূমিকা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সাধারণ মানুষ দ্রুত নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানিয়েছেন।

Post a Comment

0 Comments