মোঃ নবীর আলী, টেকনাফ: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ২৪ নভেম্বর সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউনিয়নের কুতুবদিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি প্লাস্টিকের বস্তা জব্দ করে পুলিশ। বস্তাটির ভেতরে কস্টেপে মোড়ানো পাঁচটি পোটলা থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক এক কোটি ৫০ লাখ টাকা।
উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মো. শামীম (২০) নামের এক যুবককে আটক করা হয়। তিনি হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়া পাড়ার আব্দুল আজিজের ছেলে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) যায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হয়েছে।
0 Comments