Recents in Beach

ব্রেকিং নিউজ

নারীর ঘর থেকে ১.১০ লাখ ইয়াবা উদ্ধার

সিবি ডেক্স: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবান।

গ্রেপ্তারকৃত ফাতেমা খাতুন (৩৮) নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়ার বাসিন্দা। বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার নেতৃত্বে বান্দরবান ও কক্সবাজার জেলা কার্যালয়ের সমন্বিত টিম এ অভিযান চালায়।

অভিযানে ফাতেমার শয়নকক্ষের একটি স্টিলের ওয়ারড্রবের নিচের ড্রয়ার থেকে ১ লাখ ১০ হাজার ইয়াবা এবং খাটের তোশকের নিচ থেকে আরও ২০০ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া নগদ ৪৩ হাজার ৫০০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। মোট উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা দাঁড়ায় ১ লাখ ১০ হাজার ২০০ পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। অভিযুক্ত ফাতেমা খাতুনের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাশরুরুল হক বলেন, অভিযুক্ত নারীর বিরুদ্ধে এজাহার গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Post a Comment

0 Comments