Recents in Beach

ব্রেকিং নিউজ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র

সিবি ডেক্স: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, এবার মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টি।

বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। গড়ে প্রতি তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে কেন্দ্রগুলোর সংখ্যা নির্ধারণ করা হয়েছে। পুরুষ ভোটারের জন্য ৬০০ জনে একটি ভোটকক্ষ এবং নারী ভোটারের জন্য ৫০০ জনে একটি ভোটকক্ষ হিসেবে ধরা হয়েছে। ফলে মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি। এর মধ্যে পুরুষদের জন্য ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি এবং নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষ বরাদ্দ থাকবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি। এবারে সংখ্যা বেড়ে হয়েছে ৪২ হাজার ৬১৮টি। প্রকাশিত খসড়া তালিকা নিয়ে দাবি-আপত্তি জানানো যাবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। এসব নিষ্পত্তি করা হবে ১২ অক্টোবর, আর চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশিত হবে ২০ অক্টোবর।

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। ফেব্রুয়ারির প্রথমভাগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

Post a Comment

0 Comments