Recents in Beach

ব্রেকিং নিউজ

পেকুয়ায় বাড়ি থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

সিবি ডেক্স: কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের নাপিতার দিয়া এলাকার একটি নির্জন বাড়ি থেকে সাবিনা আক্তার জান্নাত ওরফে জুলি (৪৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহত সাবিনা আক্তার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের বাসিন্দা ছিলেন। পিতামাতা মারা যাওয়ার পর তিনি একাকী জীবনযাপন করছিলেন এবং দীর্ঘদিন ধরে পেকুয়ার এহতেশামুল হকের বাড়িতে আশ্রয়ে ছিলেন। স্থানীয়রা জানান, তিন দিন আগেও তিনি স্বাভাবিক ছিলেন, তবে সামান্য মানসিক ভারসাম্যহীনতা ছিল।

ঘটনাটি প্রকাশ পায় যখন এক প্রতিবেশী সবজি দিতে গিয়ে তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করেন। মশারির ভেতর কম্বলে মোড়ানো অবস্থায় লাশ দেখে দুর্গন্ধ টের পান এবং স্থানীয়দের জানান। এরপর জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Post a Comment

0 Comments