Recents in Beach

ব্রেকিং নিউজ

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, ইউনূস বললেন ‘নবজন্মের মহোৎসব’

সিবি ডেক্স: আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি হবে জাতির নবজন্মের মহোৎসব— এমন ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, “এই নির্বাচন শুধু নির্বাচন নয়, ঐকমত্যের ভিত্তিতে এটি হবে এক ঐতিহাসিক রূপান্তর। এত ত্যাগ ও রক্তের স্বার্থকতা নিহিত থাকবে এই নবজন্মে।” তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক অগ্রগতির এই মডেল শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বজুড়ে দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি ঐতিহাসিক সুযোগের প্রসঙ্গ টেনে বলেন, “আমাদের হাতে আলাদিনের প্রদীপের মতো সুযোগ এসেছে। ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের সেই শক্তি এনে দিয়েছে। চাইলে আমরা পুরো জাতিকে নতুনভাবে গড়ার পথে এগোতে পারি।”

প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন, “এবার ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। ঐকমত্যের মাধ্যমেই নির্বাচন সফল হবে এবং জাতি মহোৎসবের যাত্রা শুরু করবে।”

সংলাপে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বক্তব্য দেন।

Post a Comment

0 Comments