ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

চিংড়িঘের থেকে অপহরণের পর ব্যবসায়ী যুবককে গুলি করে হত্যা

সিবি ডেক্স: কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা গ্রামে তোফায়েল আহমদ (৩২) নামে এক ব্যবসায়ী যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৪ আগস্ট) ভোরে গোরকঘাটা–জনতা বাজার সড়কের কাল্লুর ব্রিজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে যৌথ বাহিনী।

নিহত তোফায়েল আহমদ ওই ইউনিয়নের ছিদ্দিক আহমদ মাতব্বরের ছেলে।

পরিবারের অভিযোগ, স্থানীয় একটি সশস্ত্র সন্ত্রাসী চক্র তাকে চিংড়িঘের থেকে অপহরণ করে পাহাড়ে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করেছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে কালারমারছড়ার পশ্চিম আট জইন্যা ও পনের জইন্যা এলাকার একটি চিংড়িঘেরে হামলা চালায় ২০-৩০ জনের একটি সশস্ত্র দল। তারা ঘেরের কর্মচারীদের মারধর করে এবং প্রায় পাঁচ লাখ টাকার মাছ লুট করে নেয়। এরপর ব্যবসায়ী তোফায়েলকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।

পরিবার জানায়, অপহরণের বিষয়টি রাতেই প্রশাসনকে জানানো হলে যৌথ বাহিনী অভিযান শুরু করে। পরে ভোরে কাল্লুর ব্রিজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার হয়। স্থানীয়রা তাকে চকরিয়া হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই সরওয়ার আহমদ অভিযোগ করে বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে লম্বা তারেক, রশিদ, বায়তুল্লাহ, গফুর, জয়নাল, রবি আলম, কালা জাহাঙ্গীরসহ প্রায় ২০-৩০ জনের সন্ত্রাসী চক্র।”

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

0 Comments