Recents in Beach

ব্রেকিং নিউজ

সুগন্ধা সৈকতে পঁচা ফিশফ্রাই জব্দ, ভ্রাম্যমাণ অভিযান

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে ভাসমান ফিশফ্রাই দোকানে ভ্রাম্যমাণ অভিযান চালিয়েছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে পর্যটকদের সঙ্গে কথা বলে ফিশফ্রাইয়ের মান, দাম এবং দোকানদারদের আচরণ সম্পর্কে খোঁজখবর নেন কর্মকর্তারা। এর আগে অভিযোগ ওঠে, দোকানদাররা পর্যটকদের অর্ডারের সময় ভালো মাছ দেখালেও রান্নায় ব্যবহার করে পঁচা ও নিম্নমানের মাছ। এতে টাকা নষ্ট হওয়ার পাশাপাশি পর্যটকরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

অভিযোগের সত্যতা মেলায় অভিযানে পঁচা মাছ জব্দ করে নষ্ট করে ফেলা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দেন অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি বলেন, “পর্যটকদের সঙ্গে প্রতারণা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কক্সবাজারে আসা প্রতিটি পর্যটককে নিরাপদ সেবা দিতে ট্যুরিস্ট পুলিশ কঠোর অবস্থানে আছে।”

অভিযান চলাকালে দোকানপাটের ভিড়ের মধ্যে সুযোগ নিয়ে এক ছিনতাইয়ের ঘটনাও ঘটে। তবে ট্যুরিস্ট পুলিশের দ্রুত পদক্ষেপে ঘটনাস্থলেই এক ছিনতাইকারীকে আটক করা হয়।

ট্যুরিস্ট পুলিশের এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন পর্যটকরা। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালিত হলে অসাধু ব্যবসায়ী ও অপরাধীরা নিয়ন্ত্রণে আসবে এবং কক্সবাজার সত্যিকারের পর্যটকবান্ধব গন্তব্যে পরিণত হবে।

Post a Comment

0 Comments