সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসী লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও চিকিৎসক পিনাকী ভট্টাচার্য তাঁর ভেরিফায়েড পেইজে পোস্ট দেওয়ার পরপরই বিষয়টি কক্সবাজার জেলা পুলিশের নজরে আসে। পুলিশ সূত্র জানায়, চিকা লেখার ওই ঘটনায় জড়িত দুই যুবকের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন চৌধুরী বলেন, “নিষিদ্ধ ঘোষিত কক্সবাজার জেলা ছাত্রলীগের ব্যানারে দুই যুবক দেয়ালে চিকা লেখেন। ওই স্থান ও ব্যক্তিদের চিহ্নিত করতে জেলা পুলিশ কাজ করছে।”
তিনি আরও বলেন, “জেলায় যাতে নিষিদ্ধ আওয়ামী লীগ বা সহযোগী সংগঠন আবার মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সেই নির্দেশনার অংশ হিসেবে শনিবার একদিনে জেলা পুলিশ ২৪ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে একজন আওয়ামী লীগ নেতা রয়েছেন।”
এদিকে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী জানান, ওই দুই যুবকের পরিচয় শনাক্তে কাজ চলছে। এর মধ্যে তৈয়ব উল্লাহ সিকদার বাবু রামু উপজেলার কাউয়ারকোপ এলাকার বাসিন্দা। অন্যজন আবদুল আল সাজিত—তাঁর বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক মাধ্যমে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কে বা কারা এই দেয়াল লিখনের পেছনে আছে, তা এখন জেলা পুলিশের তদন্তের বিষয়।
0 Comments