স্থানীয় সূত্রে জানা যায়, এয়াসিন আনুমানিক এক বছর ধরে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের পাশে একটি চায়ের দোকানে কর্মরত ছিলেন। আজ দুপুর ১২টার দিকে তিনি ওই কমপ্লেক্সের পুকুরে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর একই দোকানের আরেক কর্মচারী মোহাম্মদ খোকন গোসল করতে গিয়ে এয়াসিনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এয়াসিনের মুঠোফোন পুকুর ঘাটে পড়ে থাকতে দেখে সন্দেহ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
আনোয়ারা ফায়ার স্টেশনের টিম লিডার মুজিবুর রহমান জানান, আধা ঘণ্টার চেষ্টায় পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় এবং পরে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, প্রাথমিক সুরতহালে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 Comments