Recents in Beach

ব্রেকিং নিউজ

পার্বত্য অঞ্চলে দেশি-বিদেশি ষড়যন্ত্র ঠেকাতে সজাগ থাকার আহ্বান সালাহউদ্দিন আহমদের

সিবি ডেক্স: পার্বত্য অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এই ষড়যন্ত্র যাতে সফল না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। একইসঙ্গে অখণ্ড বাংলাদেশ ও সবাই বাংলাদেশি—এই পরিচয়কে ধারণ করার আহ্বান জানান তিনি।

শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর সিরডাপে আয়োজিত ‘আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং জাতীয় নিরাপত্তা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, দেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সব নৃ-গোষ্ঠী, উপজাতি ও আধা উপজাতিসহ সবাইকে বাংলাদেশি হতে হবে। ভাষা, একক সংস্কৃতি ও ধর্ম কোনো জাতিকে গঠন করে না—সব ভাষাভাষী, ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মিলেই একটি জাতি গঠন হয়।

কোটা ব্যবস্থার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে আনার জন্য এ ব্যবস্থা রয়েছে, যা বিশ্বের প্রায় সব দেশেই চালু আছে। তবে আগামী ৫০-১০০ বছর পর হয়তো এর প্রয়োজন নাও হতে পারে।

বিগত সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে জাতিকে বিভক্ত করার মানসিকতা দেখা গেছে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও পক্ষ-বিপক্ষের কথা বলে আমাদের বিভক্ত করা হয়েছে। মুক্তিযুদ্ধের বিপক্ষে থাকা ব্যক্তিরাও বিজয়ের পর তা অস্বীকার করেননি।

এ সময় ফ্যাসিবাদবিরোধী ঐক্য নষ্ট না হওয়ার ব্যাপারে সতর্ক থাকার আহ্বানও জানান বিএনপির এই নেতা।

Post a Comment

0 Comments