ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

পেকুয়ায় বেড়িবাঁধ দখলে শতাধিক অবৈধ স্থাপনা, ঝুঁকিতে বাসিন্দারা

সিবি ডেক্স: চট্টগ্রামের পেকুয়া উপজেলার মগনামা ঘাট এলাকায় বেড়িবাঁধ দখল করে গড়ে উঠেছে শতাধিক অবৈধ স্থাপনা ও বসতঘর। প্রাকৃতিক দুর্যোগ ও ঘূর্ণিঝড়ে প্রাণহানির আশঙ্কা নিয়েই সেখানে বসবাস করছেন নিম্ন আয়ের মানুষ।

শত কোটি টাকা ব্যয়ে নির্মিত বেড়িবাঁধ সড়কও বর্তমানে স্থানীয় শুটকি ব্যবসায়ীদের দখলে। প্রায় দেড় কিলোমিটার সড়কের ওপর দিনরাত শুটকি প্রক্রিয়াজাতকরণ চলছে, যার তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের বাসিন্দা ও পর্যটকরা। স্থানীয়দের ভাষ্যমতে, গন্ধ এতটাই তীব্র যে ১-২ কিলোমিটার দূর থেকেও থাকা যায় না।

মগনামা ঘাট প্রতিদিন কুতুবদিয়া দ্বীপে যাতায়াতের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, যেখানে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। এ ঘাট ও বেড়িবাঁধ সড়ক ঘিরে রয়েছে মনোমুগ্ধকর সমুদ্র দৃশ্য, জেলেদের মাছ ধরা ও ফেরার চিত্র এবং মনোরম হাওয়া। বিকেল ও সাপ্তাহিক ছুটিতে শত শত পর্যটক ভিড় জমালেও দুর্গন্ধ ও অবৈধ স্থাপনার কারণে পর্যটন সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সরকার যদি বিকল্প জমি দেয়, তারা সরে যেতে রাজি। তবে বিকল্প ব্যবস্থা ছাড়া স্থান ত্যাগ সম্ভব নয়।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল আহসান চৌধুরী বলেন, মগনামা ঘাট ও সাবমেরিন ঘাঁটির সড়ককে পর্যটন উন্নয়নের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। নৌবাহিনী সেখানে একটি সাবমেরিন মিউজিয়াম গড়ার পরিকল্পনা নিয়েছে, পাশাপাশি উপজেলা প্রশাসন উন্নত হোটেল, রেস্টুরেন্ট ও আধুনিক বিনোদন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিচ্ছে।

0 Comments