Recents in Beach

ব্রেকিং নিউজ

ফেনীর ৪ রোভার স্কাউটের ১৫০ কিমি পদযাত্রা

সিবি ডেক্স: ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের চারজন রোভার সদস্য স্কাউটিংয়ের সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)’ অর্জনের লক্ষ্যে ১৫০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা সফলভাবে সম্পন্ন করেছেন। পাঁচ দিনের এই পরিভ্রমণে তারা শারীরিক সক্ষমতা, নেতৃত্ব ও মানবসেবার আদর্শ বাস্তবায়ন করেন।

গত ১১ আগস্ট ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট প্রশাসনিক ভবনের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন রোভার সদস্য ইয়াছিন আরাফাত, সৌমিক চৌধুরী, সুসান সানি ও মিজবাহ উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. রেজাউল করিম এবং বাংলাদেশ স্কাউটস ফেনী জেলা রোভার সম্পাদক রফিক আহমদ।

১২ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত চট্টগ্রাম কলেজ থেকে কক্সবাজার উপজেলা পরিষদ পর্যন্ত হাঁটেন তারা। পথে গাছবাড়িয়া সরকারি কলেজ, লোহাগাড়া উপজেলা পরিষদ, চকরিয়া উপজেলা পরিষদ, ঈদগাহ রশিদ আহমেদ ডিগ্রি কলেজ ও কক্সবাজার উপজেলা পরিষদে যাত্রাবিরতি ও রাত্রিযাপন করেন।

পরিভ্রমণকালে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দর্শনীয় স্থান ও সরকারি-বেসরকারি দপ্তর পরিদর্শন করেন এবং স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করেন। স্কাউটিংয়ের শৃঙ্খলা, আত্মনির্ভরতা ও মানবসেবার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল তাদের মূল লক্ষ্য।

এ সময় তারা সৌজন্য সাক্ষাৎ করেন চট্টগ্রাম জেলা রোভার সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র রোভারমেট প্রতিনিধি, পটিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ, পটিয়া উপজেলা নির্বাহী অফিসার, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার, চকরিয়া উপজেলা স্কাউট সম্পাদকসহ বিভিন্ন প্রশাসনিক ও স্কাউট কর্মকর্তাদের সঙ্গে।

সিনিয়র রোভারমেট ইয়াছিন আরাফাত বলেন, “এই পরিভ্রমণের উদ্দেশ্য ছিল নেতৃত্ব, শারীরিক সক্ষমতা ও দলগত চেতনা বৃদ্ধির পাশাপাশি সমাজে স্কাউটিংয়ের ইতিবাচক প্রভাব তুলে ধরা। এটি আমাদের জীবনে একটি মূল্যবান অভিজ্ঞতা হয়ে থাকবে।”

উল্লেখ্য, ‘পরিভ্রমণকারী ব্যাজ’ হলো পিআরএস অ্যাওয়ার্ড অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। এ ব্যাজ অর্জনের জন্য স্কাউটদের ১৫০ কিমি পায়ে হেঁটে, ৫০০ কিমি সাইকেলে বা ২৫০ কিমি নৌকায় ভ্রমণ করতে হয়। স্কাউটিং পরিভ্রমণকে স্কাউটদের ভাষায় বলা হয় ‘র‌্যাম্বলিং’।

Post a Comment

0 Comments