Recents in Beach

ব্রেকিং নিউজ

চকরিয়া থানায় যুবকের মৃত্যুতে বিচারের দাবি

সিবি ডেক্স: কক্সবাজারের চকরিয়া থানার হাজতে এক যুবক দুর্জয় চৌধুরী (২৭) মৃত্যুর পর তার স্বজন ও এলাকাবাসী বিচার দাবি করেছেন। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে শতাধিক স্থানীয় বাসিন্দা ও স্বজনরা থানার সামনে বিক্ষোভ করেন।

ভোরে পুলিশ দুর্জয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পুলিশের দাবি, হাজতের ভেতরে তিনি আত্মহত্যা করেছেন। দুর্জয় চকরিয়া পৌরসভার ভরামুহুরী এলাকার কমল চৌধুরীর ছেলে এবং চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ছিলেন।

দুর্জয়ের বাবা কমল চৌধুরী অভিযোগ করেন, বৃহস্পতিবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম চেক জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন। এর আগে ১০-১২ দিন ধরে দুর্জয় মানসিক চাপে ছিলেন এবং শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করছিলেন। বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত বিদ্যালয়ের একটি কক্ষে আটক রাখা হয় এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, প্রধান শিক্ষক রাবেয়া খানম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রাত ১টা ২৭ মিনিট পর্যন্ত দুর্জয়কে হাজতে হাঁটতে দেখা গেছে। ভোর ৪টার দিকে পুলিশ তাকে ঝুলন্ত অবস্থায় পান। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভকারীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রধান শিক্ষকের বিচার দাবি করে উপজেলা ভূমি অফিসের সামনে মিছিল ও অবস্থান নেন।

Post a Comment

0 Comments