Recents in Beach

ব্রেকিং নিউজ

ঈদগাঁও মাদ্রাসায় বই বিক্রি কেলেঙ্কারি, আটক ৮

সিবি ডেক্স: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের নাইক্ষ্যংদিয়া এসটি দাখিল মাদ্রাসায় সরকারি সরবরাহ করা নতুন পাঠ্যবই বিক্রির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় স্থানীয়দের হাতে ধরা পড়েন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার রোকন উদ্দীন ও শিক্ষক নুরুল ইসলাম। তারা মহেশখালীর স্ক্র্যাপ ব্যবসায়ী মো. ইমরানের কাছে প্রায় ১ হাজার ২০০ কেজি বই বিক্রি করার চেষ্টা করছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনাটি জানাজানি হলে উত্তেজিত জনতা পুলিশে খবর দেয়। পরে সোমবার (১৮ আগস্ট) কক্সবাজার জেলা শিক্ষা অফিসারের দায়ের করা মামলায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। তারা হলেন— মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার রোকন উদ্দীন, মাদ্রাসা কমিটির সভাপতি কামাল উদ্দীন, বই ক্রেতা মো. ইমরান ও গাড়িচালক আজমত আলী।

মাদ্রাসার সাবেক সভাপতি মাস্টার জাফর আলম অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর থেকে রোকন উদ্দীন সুপারের দায়িত্ব নেয়ার পর থেকেই প্রতিষ্ঠানে নানা অনিয়ম ও দুর্নীতি চলছে।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা জানান, জেলা শিক্ষা অফিসারের মামলার ভিত্তিতে অভিযুক্তদের পুলিশ হেফাজতে নিয়েছে।

অন্যদিকে একই রাতে ঈদগাঁও থানার বিশেষ অভিযানে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন শামসুল আলম (৫৮), সালেহা আক্তার (২৮), রেজাউল করিম ও দেলোয়ার হোসেন। এর মধ্যে দুজনের কাছ থেকে ইয়াবা ও চোলাই মদ জব্দ করা হয়, আরেক দুজনকে সিআর সাজা পরোয়ানামূলে আটক করা হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান জানান, পাঠ্যবই বিক্রির ঘটনায় আটক চারজনসহ বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও চারজন— মোট আটজন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Post a Comment

0 Comments