Recents in Beach

ব্রেকিং নিউজ

কক্সবাজারে র‍্যাবের অভিযানে মাহিন গ্রুপের দুইজন অস্ত্রসহ আটক

সিবি ডেক্স: কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ ঘোনাপাড়া ও বাদশা ঘোনাপাড়া এলাকায় র‍্যাব-১৫ এর বিশেষ অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী গোষ্ঠী “মাহিন গ্রুপ”-এর দুই সদস্যকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোরে এ অভিযান চালানো হয়।

র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, মাদক ও অস্ত্রবিরোধী অভিযান এবং গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যে কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ ঘোনাপাড়ায় মাহিন ফারাবীর বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

পরে র‍্যাব-১৫ সিপিএসসি ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মো. আবুল কাশেম ওরফে কালু (২০) আটক হন। তার দেখানো মতে মাহিন ফারাবীর বাড়ির পেছন থেকে একটি দেশীয় একনলা বন্দুক, একটি কিরিচ ও একটি রামদা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত কালুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এসব অস্ত্র সে একই গ্রুপের সদস্য মো. ইমরান (১৯)-এর কাছ থেকে সংগ্রহ করেছে এবং ইমরানের কাছে আরও অস্ত্র রয়েছে। পরবর্তীতে র‍্যাব বাদশা ঘোনাপাড়ায় অভিযান চালিয়ে ইমরানকে একটি দেশীয় এলজি ও একটি স্মার্টফোনসহ গ্রেফতার করে।

র‍্যাব-১৫ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে সীমান্তবর্তী এলাকা থেকে গোপনে অস্ত্র সংগ্রহ করে কক্সবাজার সদরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

0 Comments