শনিবার দিবাগত রাত ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিশা জানান, কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে ফারুকী অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের চাপের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত। এ সময় তিনি স্বামীর দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন।
এর আগে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে চারদিনের সফরে কক্সবাজারে পৌঁছান ফারুকী। শনিবার (১৬ আগস্ট) রাতে অসুস্থতা অনুভব করলে সফর মুলতবি করে তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হয়।
কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব জানান, সফরে ফারুকীর কক্সবাজার সংস্কৃতি হাব প্রকল্প এবং জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন সংক্রান্ত কয়েকটি কর্মসূচিতে উপস্থিত থাকার কথা ছিল। তবে উপদেষ্টার অসুস্থতার কারণে অবশিষ্ট কর্মসূচিগুলো বাতিল করা হয়েছে। স্থানীয় চিকিৎসকদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকায় পাঠানো হয়।
0 Comments