Recents in Beach

ব্রেকিং নিউজ

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত জারি

সিবি ডেক্স: ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৬টায় দক্ষিণ ওড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি উপকূলীয় ওড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের ২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে দেশের সাত জেলায় ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাস অনুযায়ী খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সেইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Post a Comment

0 Comments