সিবি ডেক্স: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর গুরুত্বপূর্ণ বিচারিক এলাকা ও আশপাশে সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে। বৃহস্পতিবার (১২ জুন) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশটি আগামী শনিবার (১৪ জুন) থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় পড়েছে—
প্রধান বিচারপতির সরকারি বাসভবন
বিচারপতি ভবন
জাজেস কমপ্লেক্স
বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট
মাজার গেট ও জামে মসজিদ গেট
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনের সম্মুখ এলাকা
ডিএমপি আরও জানিয়েছে, বিভিন্ন দাবি-দাওয়া ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়েছে।
নতুন এই আদেশে রাজধানীর গুরুত্বপূর্ণ বিচার বিভাগীয় এলাকাগুলোর নিরাপত্তা ও শৃঙ্খলা আরও কঠোরভাবে নিয়ন্ত্রণে আনার ইঙ্গিত পাওয়া গেছে।
0 Comments