Recents in Beach

ব্রেকিং নিউজ

৩৬ কোটি টাকার সৌন্দর্যবর্ধন এখন স্মৃতি, কক্সবাজারের তিন ঐতিহ্যবাহী দিঘি বেহাল

সিবি ডেক্স: কক্সবাজার শহরের তিন ঐতিহ্যবাহী দিঘি—লালদীঘি, গোলদীঘি ও বাজারঘাটা দীঘি—অযত্ন, অবহেলা ও অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সৌন্দর্যবর্ধনের উদ্দেশ্যে প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে ২০১৯ সালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এই দিঘিগুলোর উন্নয়ন করলেও আজ তা ভুতুড়ে পরিবেশের প্রতীক।

লালদীঘির দক্ষিণ পাড়ে ময়লা-আবর্জনায় ভরা, সৌন্দর্যবর্ধনের গাছগুলো শুকিয়ে গেছে, লাইটগুলো অকেজো। স্থানীয় চা বিক্রেতা জানান, বাতি না জ্বলার কারণে সন্ধ্যার পর এখন কেউ আসে না।

গোলদীঘির পরিস্থিতি আরও ভয়াবহ। পানিশূন্য পাড়ে বসেছে সবজির দোকান, ওয়াকওয়ে দখল করে আড্ডা দিচ্ছে মাদকাসক্ত ও বখাটেরা। ওয়াটার লাইট শো-এর যন্ত্রপাতি, সাউন্ড সিস্টেম, বৈদ্যুতিক বাতি চুরি হয়ে গেছে। আশপাশে রয়েছে বালিকা বিদ্যালয় ও হাসপাতাল, যা আরও উদ্বেগজনক।

বাজারঘাটা দীঘির পানিশূন্যতা, ময়লা-আবর্জনার আধিক্য এবং অচল পাবলিক টয়লেট পরিস্থিতিকে করে তুলেছে আরও করুণ। টয়লেটের পানি সংযোগ নষ্ট হয়ে যাওয়ায় বাইরের কূপ থেকে পানি এনে ব্যবহার করতে হচ্ছে।

স্থানীয় চিকিৎসক, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা বলছেন, সন্ধ্যার পর তিনটি দীঘিই হয়ে উঠছে মাদকসেবী, ছিনতাইকারী ও বখাটেদের দখলে। কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, ইতিমধ্যে ১৫ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে, তবে সমস্যা রয়ে গেছে।

স্থানীয়দের ভাষ্যে, চোখের সামনে সরকারের কোটি টাকার প্রকল্প ধ্বংস হতে দেখে মানুষ হতাশ ও ক্ষুব্ধ।

Post a Comment

0 Comments