Recents in Beach

ব্রেকিং নিউজ

সুন্নতে খতনা উপলক্ষে গান-বাজনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

সিবি ডেক্স: ফরিদপুরের ভাঙ্গায় সুন্নতে খতনা অনুষ্ঠানে গান-বাজনার বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার (৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর ও ছোট হামিরদী গ্রামের মাঝে সংঘর্ষের এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই উত্তেজনায় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, গোপীনাথপুর গ্রামের ইমরান মুন্সী গাজীপুরের কাশিমপুর কারাগারে কর্মরত। তার ছেলের খতনা উপলক্ষে প্রাইমারি স্কুল মাঠে বাইরে থেকে শিল্পী এনে উচ্চস্বরে নাচগানের আয়োজন করেন। এ নিয়ে প্রতিবেশী ছোট হামিরদী গ্রামের দুলাল শেখের পরিবারের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি এবং পরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

মাইকিং করে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়ালে গোপীনাথপুর গ্রামবাসী দুলাল শেখের বাড়ি ভাঙচুর করে। আহতদের মধ্যে ৭ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে হামিরদী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন জানান, সংঘর্ষে ১৫-২০ জন আহত হয়েছেন এবং কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে। এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি; অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments