Recents in Beach

ব্রেকিং নিউজ

২৪ ঘণ্টায় কক্সবাজার সৈকতে ৬ জনের মৃত্যু, উৎসবে বিষাদের ছায়া

সিবি ডেক্স: ঈদ আনন্দকে ছাপিয়ে গিয়ে মৃত্যুর মিছিল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। গত ২৪ ঘণ্টায় সমুদ্র সৈকতে ৪ জনের মৃত্যু ও ২টি অজ্ঞাত মরদেহ ভেসে আসার ঘটনায় পর্যটন শহরে নেমে এসেছে শোকের ছায়া।

ঈদের ছুটিতে রাজশাহী থেকে পরিবার নিয়ে কক্সবাজারে ঘুরতে আসা শাহীনুর রহমান ও তার ছেলে মোহাম্মদ সিফাত সাগরে গোসল করতে গিয়ে ঢেউয়ের টানে প্রাণ হারান। সৈকতের পাশে থাকা হোটেল থেকে সাগরে নেমেই বিপদের মুখে পড়েন তারা। লাইফগার্ড কর্মীরা উদ্ধারে এগিয়ে এলেও শেষরক্ষা হয়নি।

চট্টগ্রাম থেকে আসা আরেক পর্যটক রাজিব খানও সমুদ্র স্নানে গিয়ে জীবন হারান। বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে ভেসে যান তিনি। পরদিন গভীর রাতে ডায়বেটিক পয়েন্ট এলাকায় তার মরদেহ পাওয়া যায়।

এছাড়া শখের বসে মাছ ধরতে গিয়ে প্রাণ হারান কক্সবাজার শহরের বাহারছড়ার বৃদ্ধ নুরুজ্জামান। তার মরদেহ উদ্ধার করা হয় নাজিরারটেক এলাকায়।

এদিকে, হিমছড়ি ও খুরুশকুল এলাকায় সাগরতীরে ২টি অজ্ঞাতনামা মরদেহ ভেসে আসে। এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ জানিয়েছে, শনাক্তের জন্য প্রয়োজনীয় পদ্ধতি অনুসরণ করে ছবি বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

এ পরিস্থিতিতে সাগরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। লাইফগার্ড জয়নাল আবেদিন জানান, এই মৌসুমে সাগর কিছুটা উত্তাল থাকে এবং সৈকতের কিছু স্থানে নদীর মতো ক্যানেল তৈরি হয়, যা অনেকেই বুঝতে পারেন না। জোয়ারের সময় হঠাৎ পানি বাড়লে ঘটে দুর্ঘটনা। পর্যটকরা সতর্কতা উপেক্ষা করায় দুর্ঘটনার হার বাড়ছে বলেও জানান তিনি।

আবহাওয়া অফিস বলছে, আবহাওয়ার পরিবর্তনশীলতা ও জোয়ারের প্রভাবেই সাগর উত্তাল থাকে এই সময়ে।
অন্যদিকে, এমন পরিস্থিতিতে জেলা প্রশাসন বা বীচ ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে কোনও কার্যকর উদ্যোগ না থাকায় সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

Post a Comment

0 Comments