Recents in Beach

ব্রেকিং নিউজ

আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের জামিন মিলতে পারে ১১ জুন, আন্দোলনের হুঁশিয়ারি পিটিআইয়ের

সিবি ডেক্স: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে দায়ের হওয়া আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পাওয়ার সম্ভাবনা রয়েছে আসন্ন ১১ জুন। এমনটি দাবি করেছেন পিটিআই নেতা গওহর আলী খান।

তিনি জানিয়েছেন, ওইদিন ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান ও বুশরার দণ্ড বাতিল এবং জামিন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। গওহর আলী খান এ দিনটিকে 'গুরুত্বপূর্ণ' বলে উল্লেখ করলেও বিস্তারিত কিছু জানাননি।

এ মামলার শুনানি ১১ জুন পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (ন্যাব) আরও সময় চাওয়ায় আদালত এই তারিখ নির্ধারণ করে।

এদিকে, পিটিআই সূত্রে জানা গেছে, ঈদুল আজহার পর ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দিয়েছেন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। পিটিআই নেতা গওহর আরও জানিয়েছেন, অন্যান্য বিরোধী দলগুলোর সঙ্গে মিলে এই আন্দোলনের নেতৃত্ব দেবেন ইমরান খান নিজেই।

উল্লেখ্য, অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খানের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে, যার মধ্যে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা অন্যতম। এতে ইমরান খানের বিরুদ্ধে শত শত মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ উঠেছে, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

Post a Comment

0 Comments