সিবি ডেক্স: ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়ায় শুক্রবার দুপুরে পিস্তল দেখিয়ে দোকানিকে হুমকি ও দোকানে হামলার ঘটনায় দুই কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের যৌথবাহিনীর কাছে সোপর্দ করা হয়। হামলার সময় কিশোররা একটি নকল পিস্তল (খেলনা) ব্যবহার করছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে বাদশা টেক্সটাইল মিলের ২ নম্বর গেট এলাকায় আল আমিন নামের এক দোকানির দোকানে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর বরাতে জানা গেছে, তিনজন কিশোর দোকানে প্রবেশ করে দোকান বন্ধ করতে হুমকি দেয় এবং পিস্তল দেখিয়ে আতঙ্ক তৈরি করে। একপর্যায়ে আল আমিনের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। স্থানীয়দের সহায়তায় দু’জন কিশোর আটক হলেও একজন পালিয়ে যায়।
আটককৃত কিশোরদের বাড়ি গফরগাঁও উপজেলার বারোবাড়ী ইউনিয়নের চারিপাড়া গ্রামে। স্থানীয়দের দাবি, কয়েকদিন আগে দোকানি আল আমিনের সঙ্গে আটক কিশোরদের একজনের বাবার বিবাদ হয়। ধারণা করা হচ্ছে, এই ঘটনার জের ধরেই হামলা চালানো হয়।
ভালুকা সেনা ক্যাম্পের কমান্ডার জানান, পিস্তল দেখিয়ে দোকানে হুমকি ও হামলার ঘটনায় দুজনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। ভালুকা থানার ওসি হুমায়ুন কবির বলেন, “জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অপরাধ ছোট করে দেখার সুযোগ নেই। আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় স্থানীয় জনগণ সচেতনতা ও সাহসিকতার পরিচয় দিয়েছে, তবে কিশোর অপরাধ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।
0 Comments