ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

জাপানে বাংলাদেশি কর্মীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে নতুন সহযোগিতা চুক্তি স্বাক্ষর

জাপানে বাংলাদেশি কর্মীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে নতুন সহযোগিতা চুক্তি স্বাক্ষর

জাপানে কর্মরত বাংলাদেশি কর্মীদের আইনি সুরক্ষা, দক্ষতা উন্নয়ন, উচ্চ বেতন এবং দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দেশটির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। এই চুক্তির ফলে বাংলাদেশের কর্মীরা জাপানি স্থানীয় শ্রমিকদের সমান আইনি সুরক্ষা লাভ করবেন। পাশাপাশি কর্মক্ষেত্রে নারী ও পুরুষের সমান অধিকার এবং গর্ভাবস্থা কিংবা সন্তান জন্মদানের কারণে নারী কর্মীদের ওপর বৈষম্য প্রতিরোধে বিশেষ জোর দেওয়া হয়েছে। সোমবার ১৯ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী জানান, গত শনিবার জাপানের সঙ্গে প্রবাসী কর্মীদের সুরক্ষা সংক্রান্ত এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে দুই দেশের মধ্যে কর্মী আদান-প্রদান এবং সহযোগিতা আরও সুদৃঢ় হবে এবং জাপানে প্রবাসীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার নতুন দিগন্ত উন্মোচিত হবে। চুক্তির বিশেষ দিক তুলে ধরে তিনি বলেন, কর্মক্ষেত্রে নারী কর্মীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের অজুহাতে কোনো নারী কর্মীকে চাকরি থেকে অব্যাহতি বা তার প্রতি বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এমনকি এই কারণে কোনো নারীকে জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর বিধানও রাখা হয়নি। এই চুক্তির ফলে কর্মীদের দক্ষতা বৃদ্ধি, অধিক পারিশ্রমিক এবং জাপানে দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ বাড়ার পাশাপাশি উভয় দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে, প্রবাসী যাত্রীদের বিমানবন্দরে যাতায়াত ও লাগেজ পরিবহনের দুর্ভোগ কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ২০০টি লাগেজ ট্রলি হস্তান্তর করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সোমবার দুপুরে বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই ট্রলিগুলো হস্তান্তর করেন এবং পরে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক ঘুরে দেখেন। মন্ত্রী সাংবাদিকদের জানান, যাত্রীদের স্বস্তি বাড়াতে মন্ত্রণালয়ের উদ্যোগে এই ট্রলিগুলো দেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থায় আরও ট্রলি যুক্ত করা হবে। এছাড়া সৌদি আরবে ফ্লাইট সংকটের কারণে আটকে থাকা যাত্রীদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিকল্প এয়ারলাইন্সের মাধ্যমে দ্রুত গন্তব্যে পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে। ইতোমধ্যে আটকে থাকা যাত্রীদের মধ্যে বগুড়া ও কুমিল্লার দুই প্রবাসীর পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট মিশনগুলো এ নিয়ে তৎপর রয়েছে।

সংক্ষেপে:
জাপানে বাংলাদেশি কর্মীদের আইনি সুরক্ষা ও দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ নিশ্চিত করতে নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সুবিধার্থে ২০০টি লাগেজ ট্রলি হস্তান্তর করা হয়েছে।
জাপানে বাংলাদেশি কর্মীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে নতুন সহযোগিতা চুক্তি স্বাক্ষর

0 Comments