প্রতিকূল আবহাওয়া ও তীব্র শিলাবৃষ্টি উপেক্ষা করে সিডনির ডার্লিং হারবারের টিকটক এন্টারটেইনমেন্ট সেন্টারে অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী সনু নিগমের কনসার্ট। শনিবার বিকেলে সিডনিতে তুমুল ঝড় ও বজ্রপাত হলেও তা সংগীতপ্রেমীদের আটকে রাখতে পারেনি। প্রায় ৯ হাজার ধারণক্ষমতার পুরো মিলনায়তন দর্শক কানায় কানায় পূর্ণ ছিল। সিনেস্টার ইভেন্টস আয়োজিত এই অনুষ্ঠানে কোনো দীর্ঘ ভূমিকা বা অপ্রয়োজনীয় বক্তব্য ছাড়াই নির্ধারিত সময়ে মঞ্চে আসেন সনু নিগম এবং একটানা রাত পৌনে ১১টা পর্যন্ত গান পরিবেশন করেন। নিউজিল্যান্ডের অকল্যান্ডে কনসার্ট শেষ করে সিডনিতে আসা এই শিল্পীর পরিবেশনায় দীর্ঘ সফরের কোনো ক্লান্তি দেখা যায়নি। কনসার্টটিতে চিকিৎসক স্ত্রী বিলকিস আক্তার, মেয়ে জারা ও ছেলে জোহানকে নিয়ে উপস্থিত ছিলেন দর্শক। শিশুদের নিরাপত্তার জন্য বিশেষ শব্দনিরোধক যন্ত্রের ব্যবস্থাও রাখা হয়েছিল। কনসার্টে 'সন্দেসে আতে হ্যায়', 'ইয়ে দিল দিওয়ানা', 'সুরজ হুয়া মদ্ধম', 'অভি মুঝ মে কহিঁ' এবং 'কাল হো না হো'-এর মতো জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন সনু নিগম। টিকিটের মূল্য ১০৯ থেকে ৪৫০ অস্ট্রেলীয় ডলার পর্যন্ত হলেও বিপুল দর্শক সমাগম ঘটে। এই আয়োজনে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং অস্ট্রেলিয়ার নানা প্রান্তের শ্রোতারা অংশ নেন। ভাষা বা সংস্কৃতির সীমানা পেরিয়ে সুরের টানে বিভিন্ন দেশের মানুষ একই ছাদের নিচে মিলিত হন। চমৎকার আলোক ও শব্দ পরিকল্পনার মধ্য দিয়ে এই সংগীতানুষ্ঠানটি প্রবাসীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে।
সিডনিতে তুমুল ঝড় ও শিলাবৃষ্টি উপেক্ষা করে সনু নিগমের কনসার্টে অংশ নেন প্রায় নয় হাজার দর্শক। বিভিন্ন দেশের সংগীতপ্রেমীদের অংশগ্রহণে মুখর ছিল এই আয়োজন।


0 Comments