কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত শনিবার (২৫ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইনানী কোস্ট গার্ড স্টেশনের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হলে এক সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে উল্লিখিত পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
কক্সবাজারের ইনানীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় সাড়ে ২২ লাখ টাকা।


0 Comments