শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের প্রথম দিনের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ এই মামলার ১৫তম সাক্ষী হিসেবে তিনি আংশিক জবানবন্দি দেন। আগামী রোববার তাঁর বাকি জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানান, রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশনের সর্বশেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তার আংশিক সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে এবং আগামী রোববার বাকি সাক্ষ্য দেওয়া হবে। প্রসিকিউটর আরও জানান, তদন্ত কর্মকর্তার সাক্ষ্য প্রদান সম্পন্ন হওয়ার পর আসামিপক্ষ চাইলে সাক্ষ্য উপস্থাপন করতে পারবে। এরপর যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে এবং যুক্তিতর্কের পর মামলাটি রায়ের অপেক্ষায় থাকবে। বর্তমানে কারাগারে থাকা আসামি জিয়াউল আহসানকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়।
মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তার প্রথম দিনের আংশিক জবানবন্দি গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


0 Comments