সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী একটি ফ্লাইটে প্রধান পাইলটের ওপর হামলার ঘটনা ঘটেছে। ফ্লাইটের সহকারী পাইলটের বিরুদ্ধে এই হামলার অভিযোগ তোলা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল বুধবার দুবাই থেকে তেলআবিবগামী উড়োজাহাজে সহকারী পাইলটের ছুরিকাঘাতের শিকার হন প্রধান পাইলট। এরপর সহকারী পাইলট উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা চালান। হামলায় আহত হওয়ার পরও প্রধান পাইলট স্মিত মচ্ছর প্রতিরোধ গড়ে তোলেন এবং ককপিটের দরজা খুলে দেন। এ সময় যাত্রী ও ক্রু সদস্যরা মিলে হামলাকারী সহকারী পাইলটকে আটকে ফেলতে সক্ষম হন। পরবর্তীতে অন্য পাইলটরা উড়োজাহাজটি নিরাপদে সৌদি আরবে অবতরণ করান। ফ্লাইটের ১৭৪ যাত্রীর জীবন রক্ষায় সাহসী ভূমিকা রাখার জন্য ভারতীয় নাগরিক স্মিত মচ্ছরকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। রিয়াদে ভারতীয় দূতাবাসের তথ্য অনুসারে, আহত পাইলট স্মিত মচ্ছরকে সৌদি আরবের তাবুক শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাঁর চিকিৎসা চলছে। এদিকে ফ্লাইদুবাইয়ের যাত্রীদের ফিরিয়ে আনতে ইসরায়েল সামরিক উড়োজাহাজ পাঠাতে চাইলেও সৌদি আরব তাতে রাজি হয়নি। নেতানিয়াহুর তথ্যমতে, সৌদি আরবে উড়োজাহাজটি অবতরণের পর অভিযুক্ত সহকারী পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে আহত হয়েছেন ভারতীয় প্রধান পাইলট স্মিত মচ্ছর। হামলার পরও তাঁর ও যাত্রীদের প্রতিরোধে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে ১৭৪ জন যাত্রী। উড়োজাহাজটি পরে সৌদি আরবে অবতরণ করে এবং অভিযুক্ত সহকারী পাইলটকে গ্রেপ্তার করা হয়।


0 Comments