দলীয় শৃঙ্খলা লঙ্ঘন এবং সংগঠনের নীতি পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কুমিল্লার মুরাদনগর উপজেলার দুই ইউনিয়ন যুবদল নেতাকে শোকজ করা হয়েছে। গত সোমবার (১৯ অক্টোবর) মুরাদনগর উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ এবং সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়। কারণ দর্শানোর নোটিশপ্রাপ্ত দুই নেতা হলেন নবীপুর পূর্ব ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মিয়া এবং যাত্রাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাদিম হায়দার। উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ এই নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত ওয়াসিম মিয়া ও নাদিম হায়দারের সংগঠনের নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে যুবদলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজে তারা যুক্ত রয়েছেন মর্মে উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির কাছে অভিযোগ এসেছে। এই অবস্থায় কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা আগামী সাতদিনের মধ্যে সশরীরে উপজেলা যুবদলের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের সামনে উপস্থিত হয়ে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুরাদনগরে যুবদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাতদিনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।


0 Comments