দেশের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের গ্রন্থাগারে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে প্রকাশিত তিনটি বই সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশ প্রদান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল ইসলামের স্বাক্ষরসংবলিত একটি চিঠি গত ২৭ সেপ্টেম্বর এই নির্দেশনা জারি করে পাঠানো হয়। জাতীয়তাবাদী প্রকাশনা থেকে প্রকাশিত প্রেসিডেন্ট জিয়া রাজনৈতিক জীবনী, বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম এবং সবার আগে বাংলাদেশ শিরোনামের এই তিনটি বইয়ের এক সেট করে ক্রয় করে লাইব্রেরিতে সংরক্ষণ করতে বলা হয়েছে। এই আদেশ বাস্তবায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল দপ্তর ও অধিদপ্তরের প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বা নিপোর্ট, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং ন্যাশনাল ইলেকট্রো-মেডিক্যাল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার বা নিমিউ অ্যান্ড টিসি-কেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা তিনটি বই সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।


0 Comments