জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় আবেদন করেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের ফলে খালি হওয়া এই আসনে গত ১৭ অক্টোবর নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমের নিজ অ্যাকাউন্ট থেকেই বিষয়টি নিশ্চিত করেন এই রাজনীতিবিদ। দলীয় প্রার্থী হিসেবে গত ১৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকার সম্পন্ন করেন মেঘনা আলম। এই সাক্ষাতের পর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি। ছবিগুলোতে তাকে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিচিত আদলে শাড়ি পরিহিত, মাথায় ঘোমটা ও গলায় মুক্তার মালা পরা অবস্থায় দেখা যায়। তার এই রূপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সাক্ষাৎ শেষে সামাজিক মাধ্যমে এক পোস্টে নিজের অভিব্যক্তি প্রকাশ করে মেঘনা আলম জানান, সরকারপ্রধানের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ভাবনা আদান-প্রদান করেছেন এবং জাতীয় সংসদকে আরও দক্ষ ও কার্যকরী করে তোলার জন্য সৃষ্টিকর্তার সাহায্য কামনা করেছেন। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন এবং সংসদকে কার্যকর দেখতে চান। ছবিগুলোর কমেন্ট বক্সে এক অনুরাগী জানতে চান যে মায়ের এই সাজ দেখে প্রধানমন্ত্রীর অনুভূতি কেমন ছিল। এর জবাবে মেঘনা আলম জানান, প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানাতে পেরে তিনি আনন্দিত এবং এই সাজটি মূলত মার্জিত ও আন্তরিকভাবে উপস্থাপনের জন্য ছিল, কোনো পূর্বপরিকল্পিত বিষয় ছিল না। তবে প্রধানমন্ত্রী বা সরকারের সঙ্গে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে নিজের স্ট্যাটাসে বিস্তারিত কিছু প্রকাশ করেননি তিনি। অতীতে মডেলিংয়ের মাধ্যমে পরিচিতি লাভ করলেও মেঘনা আলম বর্তমানে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক মাধ্যমে নিজের বক্তব্যের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সংরক্ষিত আসনে তার এই মনোনয়নপ্রত্যাশা এবং নতুন প্রত্যাশার কথা জানানোর মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে আবেদন করেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় বেগম খালেদা জিয়ার সাজে দেখা যায় তাকে।


0 Comments