আবুধাবি টি-টেন লিগে নতুন পরিচয়ে মাঠে নামছে বাংলাদেশের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স। এবারের আসরে দলটি ইউনাইটেড টাইগার্স নামে অংশ নেবে। চট্টগ্রামের ক্রীড়া সংগঠক ইয়াছিন চৌধুরী এবং তার সন্তান জাফির ইয়াছিন চৌধুরীর মালিকানাধীন এই দলটির কর্নধাররা দলটিকে একটি ব্র্যান্ডে পরিণত করেছেন। এর আগে জিম্বাবুয়েতে শিরোপা জিতেছে দলটি এবং আবুধাবি টি-টেন লিগের শুরু থেকে অংশ নিলেও গত আসরে খেলেনি। আগামী ৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। গত ৩০ সেপ্টেম্বর বুধবার টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। ড্রাফটে চমক দেখিয়ে ইউনাইটেড টাইগার্স দলে ভিড়িয়েছে বাংলাদেশের চার ক্রিকেটারকে। তারা হলেন নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, হাবিবুর রহমান সোহান এবং শামীম হোসেন পাটোয়ারী। এছাড়া পাকিস্তানের মারকুটে ব্যাটার ফখর জামানকে আইকন ক্রিকেটার হিসেবে নিয়েছে দলটি। পাশাপাশি পাকিস্তানের দুই অভিজ্ঞ ক্রিকেটার ইফতেখার আহমেদ ও ফাহিম আশরাফ এবং দুই তরুণ ক্রিকেটার আব্বাস আফ্রিদি ও সুফিয়ান মুতিমকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দলটিতে আরও যুক্ত হয়েছেন আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই, নুর উল রহমান, কুয়েতের ইয়াছিন প্যাটেল এবং ওয়েস্ট ইন্ডিজের ওডেন স্মিথের মতো ক্রিকেটাররা। আরও কিছু ভালো ক্রিকেটারকে দলে ভেড়ানোর পরিকল্পনা রয়েছে দলটির। ইউনাইটেড টাইগার্সের হেড কোচ ও টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন পাকিস্তানের সাবেক পেসার ইয়াসির আরাফাত এবং টিম মেন্টরের দায়িত্বে রয়েছেন অতুল ওয়াসান। নতুন নামে ও পুরোনো শক্তিতে আবুধাবি টি-টেন লিগে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত এই দলটি। দলটির এই পদক্ষেপে দেশের ক্রীড়াঙ্গনে নতুন উন্মাদনা তৈরি হয়েছে।
নতুন নামে ও পুরোনো শক্তিতে আবুধাবি টি-টেন লিগে মাঠে নামছে চট্টগ্রামের ইয়াছিন চৌধুরীর দল ইউনাইটেড টাইগার্স। ড্রাফটে জায়গা পেয়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার।


0 Comments