সকল ধর্মের মানুষের জন্য সমান নাগরিক সুবিধা নিশ্চিত করতে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে শারদীয় দুর্গাপূজা ২০২৬ এবং বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দেশের হিন্দুধর্মাবলম্বীদের উদ্দেশে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি এই কথা বলেন। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী রাহাত আরা বেগম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার এবং নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকারও সবার রয়েছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই এই দেশের নাগরিক উল্লেখ করে তিনি জানান, সংবিধান প্রত্যেককে সমান অধিকার, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা দিয়েছে এবং এই লক্ষ্য বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ ও সাম্প্রদায়িক হানাহানির মধ্যেও এখানকার মানুষ শান্তিপূর্ণভাবে উৎসব পালন করছে উল্লেখ করে তিনি বলেন, এই সম্প্রীতি আমাদের শক্তি এবং যে কোনো মূল্যে তা অক্ষুণ্ণ রাখতে হবে। গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে সবাইকে দৃঢ় ও আপসহীন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সাম্য ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি নিরাপদ, গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি জানান, সব ধর্মের মানুষ যেন নিরাপদ পরিবেশে ধর্ম পালন করতে পারেন, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন, প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


0 Comments