ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং ফেসবুকের নীতিমালা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে প্রযুক্তি জায়ান্ট মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা পরিশোধের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর এক বিচারক। বড় কোনো প্রযুক্তিপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি অন্যতম শীর্ষ জরিমানার ঘটনা। ২০২১ সালে কেমব্রিজ অ্যানালিটিকার তথ্য ফাঁসের বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে মেটার বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিল নিউ মেক্সিকো কর্তৃপক্ষ। মামলায় অভিযোগ আনা হয় যে, মেটা ব্যবহারকারীদের তথ্যের ব্যবহার, গোপনীয়তা এবং প্ল্যাটফর্মের নীতি নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে। সান্তা ফে স্টেট ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ফ্রান্সিস জে ম্যাথিউ দুই সপ্তাহের শুনানি শেষে মেটাকে এই ঐতিহাসিক জরিমানা দেওয়ার নির্দেশ দেন। বিচারক রায়ে উল্লেখ করেন, মেটা নিউ মেক্সিকোর ভোক্তা অধিকার সুরক্ষা আইন অন্তত চার কোটি ৩০ লাখ বার লঙ্ঘন করেছে। সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রতিটি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ পাঁচ হাজার ডলার পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার জন্য আদালতের এই রায় বড় ধরনের ধাক্কা হিসেবে এসেছে। বিভিন্ন অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ এবং ব্যবহারকারীদের করা হাজারো মামলার মুখে বর্তমানে চাপে রয়েছে প্রতিষ্ঠানটি। এসব মামলায় শিশু-কিশোরদের নিরাপত্তা বিঘ্নিত করা, সামাজিক মাধ্যমে আসক্তি বৃদ্ধি, বিনা অনুমতিতে ব্যক্তিগত তথ্য ব্যবহার এবং গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে। আইনি লড়াইয়ে নিউ মেক্সিকো কর্তৃপক্ষ বর্তমানে নেতৃত্ব দিচ্ছে এবং উল্লেখযোগ্য সাফল্যও অর্জন করেছে। শিশু-কিশোরদের ক্ষতি করার অভিযোগে পৃথক আরেকটি মামলায় গত আগস্টে মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার এবং এর আগে গত মার্চে ৩৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল।
ব্যবহারকারীদের গোপনীয়তা ও নীতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার দায়ে মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর এক বিচারক।


0 Comments