দক্ষিণ কোরিয়ার বুসান শহরের একটি সরু খালে প্রায় সাড়ে তিন মিটার লম্বা একটি হাঙর আটকে পড়ার ঘটনা ঘটেছে। ১৮ সেপ্টেম্বর শহরের একটি জলাধারের পাশে হাঙরটিকে প্রথম দেখা যায়। ধারণা করা হচ্ছে, সমুদ্র থেকে শিকারের পেছনে ছুটতে ছুটতে এটি খালের ভেতরে ঢুকে পড়ে এবং পরে আর সমুদ্রে ফেরার পথ খুঁজে পায়নি। বিশেষজ্ঞদের মতে, এটি ব্রোঞ্জ হুইলার প্রজাতির হাঙর। হাঙরটির নাম দেওয়া হয়েছে বুকাং-ই, যা বুসানের উত্তর বন্দরের নাম থেকে এসেছে। প্রথম দিন থেকেই উপকূলরক্ষী বাহিনী হাঙরটিকে উদ্ধারের চেষ্টা চালালেও বিজ্ঞানীরা সতর্ক করে জানান যে জোর করে সরালে সেটি আহত বা আক্রমণাত্মক হতে পারে। এদিকে খালের পানিতে হাঙরটি ঘুরে বেড়ানোর খবর ছড়িয়ে পড়লে ১৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বুসানের ওই পার্কে ছয় লাখ সাত হাজার দর্শনার্থী ভিড় জমান। কিম জুং-সুক নামের ৬২ বছর বয়সী এক নারী এবং বুসানের মেয়র চুন জে-সু হাঙরটির প্রতি নিজেদের মুগ্ধতার কথা জানান। শহর কর্তৃপক্ষ ইনস্টাগ্রাম জরিপের ভিত্তিতে হাঙরটিকে শাফ্লুয়েন্সার ও সম্মানসূচক প্রচারদূতের মর্যাদা দেয়। তবে খালের সরু জায়গায় দীর্ঘ সময় আটকে থাকলে হাঙরটি দুর্বল হয়ে পড়তে পারে আশঙ্কায় মঙ্গলবার এটিকে সমুদ্রের দিকে ফেরানোর নতুন চেষ্টা চালানো হয়। জাতীয় মৎস্যবিজ্ঞান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম ছয় মাসে দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে ৪৬টি বড় হাঙর রেকর্ড করা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় চার গুণ। পানির তাপমাত্রা বৃদ্ধি ও শিকারের সংখ্যা বাড়াকে এর কারণ হিসেবে দেখছেন বিজ্ঞানীরা। শেষ পর্যন্ত আট বছরের লি দো-ইউনসহ স্থানীয়রা বুকাং-ইকে বিদায় জানাতে প্রস্তুতি নিয়েছেন।
দক্ষিণ কোরিয়ার বুসান শহরের একটি খালে আটকে পড়া সাড়ে তিন মিটার লম্বা হাঙর দেখতে ভিড় জমিয়েছেন লাখ লাখ মানুষ। হাঙরটিকে নিরাপদে সমুদ্রে ফেরাতে কাজ করছে কর্তৃপক্ষ।


0 Comments