কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ‘আই হ্যাভ আ প্ল্যান’ শিরোনামের একটি অডিও ও ভিডিও কনটেন্ট নিয়ে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। তার পারফরম্যান্সের ভিডিও ফুটেজের সঙ্গে এআই-সংশ্লেষিত কণ্ঠস্বর জুড়ে দিয়ে এই গানটি তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। গত মঙ্গলবার তাসরিফ খান জানান, তার কোনো ধরনের অনুমতি বা সম্পৃক্ততা ছাড়াই এই অডিও-ভিজ্যুয়াল কনটেন্টটি অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি এবং বিভ্রান্তি তৈরির অপচেষ্টা বলে মন্তব্য করেছেন এই শিল্পী। তিনি জানান, এই ঘটনায় তিনি দ্রুতই একটি সাধারণ ডায়েরি (জিডি) করবেন। ভাইরাল হওয়া এই গানটি শতভাগ এআই প্রযুক্তির সাহায্যে তৈরি বলে প্রায় নিশ্চিত তাসরিফ খান। তার মতে, এটি কোনো প্রকৃত গান বা মৌলিক সুর নয়। তিনি দাবি করেন, এই গানটির পেছনে তাকে ব্যক্তিগতভাবে হয়রানি করার পাশাপাশি বড় ধরনের কোনো রাজনৈতিক উদ্দেশ্যও জড়িত থাকতে পারে। ভিডিওটিতে সরকারকে উদ্দেশ্য করে মানহানিকর মন্তব্যের সঙ্গে তার ছবি ও কনসার্টের ফুটেজ জুড়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এর মাধ্যমে সরকার এবং তাকে একই সঙ্গে বিতর্কের মুখে ফেলার গভীর চক্রান্ত করা হয়েছে বলে মনে করেন তাসরিফ। তিনি বলেন, এখানে এক ঢিলে দুই পাখি মারার মতো পরিস্থিতি তৈরি করা হয়েছে, যার মাধ্যমে একদিকে সরকারকে হেয় করা হচ্ছে এবং অন্যদিকে তার ছবি ব্যবহার করে তাকেও এর সঙ্গে জড়িয়ে ফেলা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমের শতাধিক পেজে কনটেন্টটি ব্যাপকভাবে শেয়ার করা হয়। এত বিপুলসংখ্যক পেজে ভিডিওটি ছড়িয়ে পড়ায় সাধারণ রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে এর বিস্তার রোধ করা অসম্ভব হয়ে পড়েছে বলে জানান তিনি। এই পরিস্থিতিতে কনটেন্টটির প্রচার স্থায়ীভাবে বন্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় হস্তক্ষেপ জরুরি বলে মনে করছেন এই সংগীতশিল্পী। তাই দ্রুত সাধারণ ডায়েরি করার মাধ্যমে পুরো বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
কনসার্টের ফুটেজ ও এআই কণ্ঠ দিয়ে তৈরি গান নিয়ে আইনি পদক্ষেপের কথা জানিয়েছেন সংগীতশিল্পী তাসরিফ খান।


0 Comments