কুমিল্লার চৌদ্দগ্রামে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ নয়জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূর নবী অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার রাতে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা বাজারে আবুল খায়েরের একটি পরিত্যক্ত দোকানঘরে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের হাতে আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফেলনা গ্রামের ননা মিয়ার ছেলে সামছুল আলম (কালাম)। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী ছিলেন। গ্রেফতার হওয়া অন্য ব্যক্তিরা হলেন— একই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে জহিরুল হক, বৈলপুর গ্রামের মৃত মন্তু মিয়ার ছেলে শাহ আলম, আলী আফজালের ছেলে মো. ইলিয়াছ, মৃত আতাউর রহমানের ছেলে গিয়াস উদ্দিন, মৃত মমতাজ উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল মামুন, দেড়কোটা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে বেলাল হোসেন, মৃত আবদুল কাদেরের ছেলে বেলাল হোসেন এবং মিতল্লা গ্রামের হাসানুজ্জামানের ছেলে নুরে আলম।
থানা সূত্রে জানা গেছে, দেড়কোটা বাজারের ওই পরিত্যক্ত ঘরে দীর্ঘদিন ধরে নিয়মিত জুয়ার আসর বসত। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় নয়জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ৫৩০ টাকা এবং জুয়া খেলার তাস জব্দ করা হয়েছে।
চৌদ্দগ্রাম মডেল থানার এসআই মো. নূর নবী জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
কুমিল্লার চৌদ্দগ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


0 Comments