শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিমপাড়া রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেওয়া হিন্দু সম্প্রদায়ের সদস্যদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এই উপহারসামগ্রী বিতরণ করেন। হিন্দু ক্যাম্পে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান, শরণার্থী সেলের প্রধান (যুগ্ম সচিব), অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব এবং ক্যাম্প-১ডব্লিউ-এর ক্যাম্প ইনচার্জ (সিআইসি)। মুক্তি, কক্সবাজার এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) যৌথ সহযোগিতায় এবং আরআরআরসি কার্যালয়ের সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। রোহিঙ্গা শিবিরে প্রধানত মুসলিম জনগোষ্ঠীর বসবাস থাকলেও সেখানে বসবাসরত হিন্দু পরিবারগুলোও তাদের ধর্মীয় আচার ও ঐতিহ্য শান্তিপূর্ণভাবে পালন করে আসছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার প্রতি শ্রদ্ধা ও মানবিক মূল্যবোধের চর্চা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ভূমিকা রাখে বলে উল্লেখ করা হয়। দুর্গাপূজায় উপহার বিতরণের এই আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মাঝে কল্যাণ, পারস্পরিক বোঝাপড়া এবং সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়েছে। এছাড়া শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে শুভেচ্ছা জানানো হয় এবং সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সংহতি, সহমর্মিতা ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর জোর দেওয়া হয়।
দুর্গাপূজা উপলক্ষে উখিয়ার রোহিঙ্গা শিবিরের হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।


0 Comments