কক্সবাজারের ঈদগাঁও ঈদগড় সড়কে সোমবার সংঘটিত দফায় দফায় গণডাকাতির ঘটনায় মা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানা গেছে। পুলিশের দাবি, আটকদের স্বীকারোক্তি মোতাবেক লুন্ঠিত মালামাল ও বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ঈদগাঁও ইউনিয়নের মধ্যম শিয়া পাড়ার ছাবের আহমদ প্রকাশ ডাকাত ছাবেরের স্ত্রী উম্মে হাফসা এবং তাদের পুত্র ও দোকান কর্মচারী মোহাম্মদ ফারুক। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার ডাকাতিসংক্রান্ত আটকের ঘটনায় ব্যস্ত থাকায় বিস্তারিত পরে জানানো হবে বলে জানান। স্থানীয় লোকজনের দাবি, আটক উম্মে হাফসার স্বামী ছাবের আহমদ একজন পেশাদার ডাকাত এবং তার পুত্র কিশোর ও দোকান কর্মচারী। স্বজনদের দাবি, স্ত্রী ও সন্তানেরা ছাবেরকে ডাকাতির পথ থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তারা সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত ডাকাতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, সোমবার ঈদগাঁও ঈদগড় সড়কে সকাল ও বিকালে দুই দফায় সংঘটিত গণডাকাতির ঘটনায় সশস্ত্র ডাকাতদল অর্ধশতাধিক যাত্রীর কাছ থেকে সর্বস্ব লুটে নেয়। ঘটনার পর থেকে ডাকাত শনাক্ত ও আটকে অভিযান পরিচালনা করছে পুলিশ।
ঈদগাঁও ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় মা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় লুন্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধারের দাবি করা হয়েছে।


0 Comments