বর্তমান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। সোমবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা ডাকবাংলো এলাকায় আয়োজিত মতবিনিময় সভা ও জনসংযোগকালে তিনি এই মন্তব্য করেন। রফিকুল ইসলাম খান বলেন, দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতার বিষয়ে চারদিকে অসন্তোষের আওয়াজ শোনা যাচ্ছে। তার দাবি, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, কৃষকরা পর্যাপ্ত সার পাচ্ছেন না এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এ ছাড়া বিগত ছয় থেকে সাত মাসের মধ্যে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য দফায় দফায় বৃদ্ধি করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, অতীতে প্রতীকভিত্তিক জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও একটি হ্যাঁ-না ভোট বা গণভোট অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ৭০ শতাংশ মানুষ হ্যাঁ ভোটের পক্ষে রায় প্রদান করেছিলেন। তবে সরকার গঠনের পর সেই গণভোটের রায় বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ওই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ড. আব্দুস সামাদ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহজাহান, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম এবং সলঙ্গা থানা ছাত্রশিবিরের সভাপতি মহসীন আলমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ।
বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে বলে সিরাজগঞ্জে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।


0 Comments