গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) একাডেমি পরিদর্শন করেছেন চার দেশের রাষ্ট্রদূত। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কসোভো, মালদ্বীপ, মরক্কো ও সিঙ্গাপুরের রাষ্ট্রদূতেরা একাডেমিটিতে পৌঁছান। এ সময় তাদের উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। পরিদর্শনকালে রাষ্ট্রদূতেরা একাডেমির হস্ত ও কুটিরশিল্প, গার্মেন্টস, প্রান্তিক শক্তি ও ওয়েল্ডিং বিভাগসহ বিভিন্ন অবকাঠামো ও কার্যক্রম ঘুরে দেখেন। তারা উৎপাদিত পণ্যের মানের প্রশংসা করেন এবং এসব পণ্য নিজ দেশে নিয়ে যাওয়ার পাশাপাশি চুক্তি করার আগ্রহ প্রকাশ করেন। পরে মহাপরিচালকের সভাপতিত্বে একটি আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় এই একাডেমিতে কুটিরশিল্পের কার্যক্রম শুরু হয়েছিল। দীর্ঘ বিরতির পর বর্তমানে এসব পণ্যের চাহিদা ও আগ্রহ পুনরায় বৃদ্ধি পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এই পরিদর্শনের সময় চার দেশের রাষ্ট্রদূত ছাড়াও আনসার ও ভিডিপির বিভিন্ন স্তরের কর্মকর্তা, সদস্য এবং দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। একাডেমির জনসংযোগ কর্মকর্তা পারভেজ আহমেদ রাষ্ট্রদূতের আগমন ও তাদের কুটিরশিল্পের পণ্যের প্রতি আগ্রহ প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমি পরিদর্শন করেছেন চার দেশের রাষ্ট্রদূত। কুটিরশিল্পের উৎপাদিত পণ্যের মান দেখে সন্তোষ প্রকাশ করে পণ্যগুলো নিজ দেশে নেওয়ার আগ্রহ দেখিয়েছেন তারা।
-6adf18b8cf466.webp)

0 Comments