সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, দলীয়করণ, দুর্নীতি, দখলবাজি এবং তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সার সংকটের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলেন। তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে বিএনপি সরাসরি জড়িত এবং গরু-ছাগল ও মহিষের ঘাস খাওয়ানোর ক্ষেত্রেও তারা চাঁদা দাবি করে। বর্তমান সরকারের কাছে তাঁদের প্রত্যাশা পূরণ হয়নি উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় আসার পর সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ ও নৈরাজ্য বন্ধ হবে, কৃষকেরা সময়মতো সার পাবেন এবং সরকারি অফিসগুলো দলীয় কার্যালয়ে পরিণত হবে না বলে তাঁরা আশা করেছিলেন। মাওলানা আবু তালিব আরও বলেন, তেল, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি এবং সার সংকট সাধারণ মানুষের জীবনযাত্রা ও কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের ঘটনায় সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, সরকার থেকে প্রত্যাশিত সহযোগিতা না পেলে তাঁরা জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায় রাজপথে সোচ্চার থাকবেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে কালীগঞ্জ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. আব্দুল হক, সেক্রেটারি ও পৌর মেয়র প্রার্থী লুৎফর রহমান এবং মিডিয়া সম্পাদক ইকবাল হুসাইনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
ঝিনাইদহের কালীগঞ্জে সার সংকট ও নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ তোলেন সংসদ সদস্য মাওলানা আবু তালিব।


0 Comments