শুধু একটি অ্যাকুস্টিক গিটার আর দুই শিল্পীর কণ্ঠে সিডনির ব্রায়ান ব্রাউন থিয়েটারে অনুষ্ঠিত হলো এক অন্তরঙ্গ সংগীতসন্ধ্যা। এই আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে সানজিদা মাহমুদ নন্দিতা ও শুভেন্দু দাস শুভর যৌথ সংগীত উদ্যোগ মোজি অ্যান্ড কোং-এর প্রথম আন্তর্জাতিক সফর। গত শনিবার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিরা এই গান শুনতে জড়ো হয়েছিলেন। বড় কোনো বাদ্যযন্ত্রের দল বা জমকালো মঞ্চায়োজন ছাড়াই ঘরোয়া আবহে গান পরিবেশন করেন নন্দিতা ও শুভেন্দু। গানের পাশাপাশি শ্রোতাদের সঙ্গে সরাসরি কথোপকথন ও স্মৃতিচারণাও ছিল এই আসরের বিশেষ আকর্ষণ। সিডনির আগের রাতের বৃষ্টির আবহ ধরে নন্দিতা গেয়ে ওঠেন মেঘলা আকাশ। এরপর গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা কালজয়ী গানসহ নানা স্বাদের গান শোনান দুই শিল্পী। আসরের শেষভাগে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি পরিবেশনের সময় মিলনায়তন আবেগঘন হয়ে ওঠে। কোক স্টুডিও বাংলার প্রথম মৌসুমে কাজী নজরুল ইসলামের বুলবুলি গান গেয়ে আলোচনায় আসা নন্দিতা এবং ওই গানের সংগীতায়োজক শুভেন্দু পুরোনো দিনের বাংলা ও হিন্দি গান নতুনভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০২৫ সালের জানুয়ারিতে মোজি অ্যান্ড কোং চালু করেন। সম্প্রতি তাদের গাওয়া স্বদেশ চলচ্চিত্রের সাওয়ারিয়া গানটি এ আর রহমান ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করায় তা আন্তর্জাতিক অঙ্গনেও নজর কাড়ে। সিডনির এই আয়োজনে মূল পরিবেশনার আগে গান শোনান সিডনিপ্রবাসী বাংলাদেশি শিল্পী হিমেল, মাশফিক, মিতুল ও আদিল। অনুষ্ঠানটির আয়োজন করে বেস্ট অব বেঙ্গল। আয়োজকদের অন্যতম তানিম মান্নান জানান, গানকে বাণিজ্যিক চাকচিক্য বা চড়া শব্দের মধ্যে সীমাবদ্ধ না রেখে ঘরোয়া পরিবেশ তৈরি করতে চেয়েছেন তারা। সিডনির পর আগামী ২৫ অক্টোবর রোববার মেলবোর্নে মোজি অ্যান্ড কোং-এর পরবর্তী পরিবেশনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর দেশেই ফিরবেন নন্দিতা ও শুভেন্দু।
অ্যাকুস্টিক গিটারের সুরে সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের মাতিয়েছেন নন্দিতা ও শুভেন্দু। মোজি অ্যান্ড কোং-এর প্রথম আন্তর্জাতিক সফরের এই আসরটি ছিল ঘরোয়া আবহে ভরপুর।


0 Comments