ফরিদপুরের নগরকান্দায় জটিল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করা সিনিয়র সাংবাদিক বোরহান আনিসের বাড়িতে গিয়ে তাঁর খোঁজখবর নিয়েছেন ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ও সমাজসেবক মুফতি রায়হান জামিল। একইসঙ্গে অসুস্থ সাংবাদিকের চিকিৎসা ও বাজারসদাইয়ের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন তিনি। সাংবাদিক বোরহান আনিস দৈনিক সমকাল ও দৈনিক ইত্তেফাকের নগরকান্দা প্রতিনিধি এবং নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘ সময় ধরে ডায়াবেটিস ও কিডনিজনিত জটিল রোগে ভুগছেন। তাঁর দুটি কিডনিই অকার্যকর হয়ে পড়ায় নিয়মিত ডায়ালিসিসসহ অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা চালাতে হচ্ছে। কিন্তু পর্যাপ্ত অর্থ সংকটের কারণে তাঁর এই চিকিৎসা টিকিয়ে রাখা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বিষয়টি জানতে পেরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি রায়হান জামিল তাঁর নগরকান্দার বাসভবনে উপস্থিত হন। সেখানে তিনি অসুস্থ সাংবাদিকের শারীরিক পরিস্থিতির খোঁজ নেন, তাঁকে ধৈর্য ধরার সান্ত্বনা দেন এবং দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন। পাশাপাশি নিজের সাধ্যমতো আর্থিক সহযোগিতা তুলে দেন। এ বিষয়ে মুফতি রায়হান জামিল জানান, সাংবাদিক বোরহান আনিসের অসুস্থতার সংবাদ পাওয়ার পরই তিনি তার বাসায় ছুটে গেছেন। তাকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি আল্লাহর দরবারে দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়িয়েছেন। তিনি আরও বলেন, দুনিয়া ক্ষণস্থায়ী এবং সবাইকে একদিন চলে যেতে হবে, তাই মানুষের সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ানো উচিত। উল্লেখ্য, মুফতি রায়হান জামিল এর আগেও ফরিদপুরের বিভিন্ন অঞ্চলে নানা মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে পরিচিতি লাভ করেছেন। বিগত দিনে তাঁর উদ্যোগে প্রতীকী মূল্যে অর্থাৎ ১০ টাকা কেজি দরে ইলিশ মাছ, ১ টাকা কেজি দরে গরুর মাংস এবং ২ টাকা কেজি দরে চাল বিতরণের মতো কার্যক্রম দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। এ ছাড়া গভীর রাতে সুবিধাবঞ্চিত মানুষের দ্বারে দ্বারে গিয়ে চাল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগেও তিনি প্রশংসিত হয়েছেন।
ফরিদপুরের নগরকান্দায় কিডনিসহ জটিল রোগে আক্রান্ত সাংবাদিক বোরহান আনিসের বাড়িতে গিয়ে তাঁর খোঁজখবর নিয়েছেন এবং আর্থিক সহায়তা দিয়েছেন সমাজসেবক মুফতি রায়হান জামিল।


0 Comments