যৌন নিপীড়ন ও নারী পাচারের দায়ে দোষী সাব্যস্ত জেফরি এপস্টিনের সঙ্গে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরির মুখোমুখি বসে থাকার ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। প্রকাশিত অন্তত দুটি ছবিতে স্যুট পরা হরদীপ সিং পুরি ও কালো সোয়েটার পরা জেফরি এপস্টিনকে একটি টেবিলে মুখোমুখি বসে থাকতে দেখা যায়। ওই টেবিলে কিছু কাগজপত্র ও অন্যান্য জিনিসপত্র ছড়ানো ছিল এবং ফ্রেমে তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি ছিল না। এর আগে মন্ত্রী পুরি দাবি করেছিলেন, ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটে তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের অংশ হিসেবেই কেবল এপস্টিনের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। তবে নতুন প্রকাশিত ছবি তাঁর সেই দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ছবিগুলো মার্কিন বিচার বিভাগের এপস্টিন ফাইলসের অংশ, যা চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত ডেটাসেট ৯-এ অন্তর্ভুক্ত ছিল। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার জানিয়েছে, ওই ডেটাসেটে বৈঠকটির অন্তত ১০টি ছবি রয়েছে। দ্য ওয়্যারের প্রশ্নের জবাবে পুরির দপ্তর জানিয়েছে, ছবিটি ঠিক কোন বৈঠকের, তা মন্ত্রীর মনে নেই এবং ছবিটি তোলার আগে বা পরে অন্য কেউ উপস্থিত ছিলেন কি না, তাও তিনি স্মরণ করতে পারছেন না। তবে মন্ত্রীর দপ্তর দাবি করেছে, পুরি কখনো এমন কথা বলেননি যে তিনি এপস্টিনের সঙ্গে একান্তে দেখা করেননি। নতুন এই ছবি প্রকাশের পর ভারতের বিরোধী দলগুলো একযোগে সরব হয়েছে। ছবি প্রকাশের সময়টি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মুম্বাই সফরের সঙ্গে মিলে যাওয়ায় প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই প্রসঙ্গ তুলে ধরেন। তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্রও কড়া ভাষায় আক্রমণ করে মন্ত্রীর দাবির সমালোচনা করেছেন এবং তাঁকে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়া বন্ধ করার কথা বলেছেন। এছাড়া কংগ্রেস নেতা পবন খেরা মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটের নথির বরাতে দাবি করেছেন, ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে এপস্টিন ও পুরির মধ্যে ৬২টি ই-মেইল আদান-প্রদান হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ছবি ফাঁসের এই ঘটনাকে কেন্দ্র করে আগামী সপ্তাহে ভারতের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত জেফরি এপস্টিনের সঙ্গে ভারতের মন্ত্রী হরদীপ সিং পুরির ছবি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে।

0 Comments