রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ফলে শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গত মঙ্গলবার সকালে এই আসনের সকল ধরনের প্রচার-প্রচারণার সময়সীমা শেষ হয়। উপনির্বাচনে বিএনপি ও জামায়াতসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, বর্ডার গার্ড বাংলাদেশ এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন নিয়ে উদ্বেগের কোনো অবকাশ নেই। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হচ্ছে কি না তা তদারকি করতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল থেকে সার্বিক পরিস্থিতি এবং ভোটকেন্দ্রের ব্যবস্থাপনা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এর আগে গত ২০ আগস্ট ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে ২৫৫ ভোটে পরাজিত করে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ছেড়ে দেওয়া এই আসনে পরবর্তীতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে।


0 Comments